আক্কেলপুরে চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াড় আবাসন প্রকল্পে পুকুর ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে চাঁদা না দেওয়ায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।

আবাসনের সভাপতি ইদ্রিস আলী অভিযোগ করেন, গত ১ জুলাই গভীর রাতে তাকে ঘর থেকে ডেকে নিয়ে বেধড়ক পেটানো হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

শুক্রবার (৫ জুলাই) সকালে আবাসনের পরিত্যক্ত একটি ঘরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এসব অভিযোগ তুলে ধরেন।

সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিখিত বক্তব্যে বলেন, পুকুরের ইজারা নিয়ে ৩২টি ঘরের বাসিন্দারা দুই দলে বিভক্ত হন। স্থানীয় বিএনপি নেতা আমিনুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্না তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ইদ্রিস আলীকে পেটানো হয় বলে অভিযোগ।

অন্যদিকে, অভিযুক্ত বিএনপি নেতারা চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, পুকুর সংস্কারে নির্ধারিত ২ লাখ টাকা জমা না দেওয়ায় উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে সামান্য শারীরিক ধাক্কাধাক্কি হয়।

আবাসনের অপর পক্ষের বাসিন্দা আব্দুল হান্নান অভিযোগ করেন, ৯ লাখ টাকায় একতরফাভাবে পুকুর ইজারা নিয়ে অপর পক্ষ টাকা ভাগ করে নেয়, অথচ পাড় বাঁধার জন্য নির্ধারিত টাকা ইউএনওর কাছে জমা দেয়নি।

আক্কেলপুর ইউএনও মনজুরুল আলম জানান, পুকুর নিয়ে দ্বন্দ্ব মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে শর্ত অনুযায়ী পাড় বাঁধার অর্থ জমা দেওয়া হয়নি এবং মাছ অন্যের মাধ্যমে ছাড়া হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *