মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলায় ডাকাতি মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে মদন পৌরসভাস্থ সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৪) মদন দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুর ইসলাম ওরফে নুরুল ইসলাম।
পুলিশ জানায়, এসআই (নিঃ) ফয়সালের নেতৃত্বে এএসআই (নিঃ) সাকিব ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি মদন থানার মামলা নং-১৬, তারিখ ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিঃ, ধারা ৩৯৪ (পেনাল কোড) এর এজাহারভুক্ত আসামি।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে এর আগেও মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও সড়ক পরিবহন আইনসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, গত ২৬ জানুয়ারি মধ্যরাতে মদন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নৌ পুলিশ সদর দপ্তরে কর্মরত পুলিশ পরিদর্শক মোঃ আজহারুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, “আইনের আওতায় এনে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতি মামলার এজাহারভুক্ত এই আসামিকে গ্রেফতার করা আমাদের চলমান অভিযানেরই অংশ। মদন থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”
তিনি আরও বলেন, “অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যেকোনো অপরাধী, সে যতই প্রভাবশালী হোক না কেন, আইনের বাইরে থাকার সুযোগ নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
মদন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।