সম্প্রতি ফেসবুক পেজ আলোকিত ৮৪ তালাশে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ

সম্প্রতি ফেসবুক পেজ “আলোকিত ৮৪ তালাশ” এ প্রকাশিত “গোদাগাড়ীতে এসআই জুয়েল রানাকে ঘিরে বিতর্ক, মাদক সিন্ডিকেটের সঙ্গে সখ্যতার অভিযোগ” শিরোনামের একটি পোস্ট আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত পোস্টে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।


আমি প্রায় এক বছর ধরে গোদাগাড়ী মডেল থানায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। গোদাগাড়ী থানা মাদক প্রবণ এলাকা হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা এবং অফিসার ইনচার্জ, গোদাগাড়ী মডেল থানার নির্দেশক্রমে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে— সংশ্লিষ্ট ব্যক্তির নাম-ঠিকানা সঠিক কিনা, প্রকৃতপক্ষে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিনা, অবৈধ উপায়ে সম্পদের মালিক হয়েছেন কিনা ইত্যাদি বিষয় অনুসন্ধান করা। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য বা কার্যক্রম নেই।


কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমার দায়িত্বপূর্ণ কর্মকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে। এর ফলে আমার ব্যক্তি সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পরিবার, আত্মীয়-স্বজন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। তাই কোনো সংবাদ প্রকাশের পূর্বে সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকতার মতো সম্মানজনক পেশাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে আমি মনে করি।


অতএব, “আলোকিত ৮৪ তালাশ” ফেসবুক পেজে প্রকাশিত উক্ত সংবাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *