বাংলাদেশ শিল্পকলায় দুইদিন ব্যাপী আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

ঢাকা সংবাদদাতাঃ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রায় অর্ধশত নৃত্যদলের ৬ শতাধিক শিল্পীর অংশগ্রহণে উদযাপিত হবে আন্তর্জাতিক নৃত্য দিবস

২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে ২৮ ও ২৯ এপ্রিল ২০২৬ আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

আগামীকাল ২৮ এপ্রিল ২০২৬ বিকাল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাঃ জাহেদ উর রহমান, মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা)-পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত নৃত্য গবেষক ও নৃত্যপরিচালক জনাব আমানুল হক। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ জাকির হোসেন।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৫ টায় জাতীয় নাট্যশালা ভবনের সম্মুখ থেকে ঢাক-ঢোল বাদক ও দেশের প্রবীণ ও নবীন নৃত্যশিল্পীবৃন্দের অংশগ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।


২৯ এপ্রিল বুধবার ২০২৬ বিকেল ৫ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী দিনে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করবে ২২টি দল। দলগুলো বিভিন্ন ঘরানার নৃত্য পরিবেশন করবে।
২ দিনব্যাপী অনুষ্ঠানমালা সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন শিল্পকলা প্রেস ব্রিফিং কর্তৃপক্ষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *